লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে একদিনে ৬৩টি হামলা চালানোর দাবি করেছে। সোমবার (২৩ মার্চ) ভোরে তাদের নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, রোববার (২২ মার্চ) এসব হামলা পরিচালিত হয়েছে।
হামলাগুলোর মধ্যে ইসরাইলের ভেতরে এবং দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরাইলি সেনাদের লক্ষ্য করে রকেট, ড্রোন ও কামানের গোলা নিক্ষেপ করা হয়েছে। তবে অন্যান্য দিনের তুলনায় সোমবার এখন পর্যন্ত নতুন কোনো হামলার ঘোষণা দেয়নি সংগঠনটি।
অন্যদিকে, হিজবুল্লাহর ধারাবাহিক হুমকির প্রেক্ষাপটে ইসরাইল দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করেছে। গত ২ মার্চ থেকে ইসরাইলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ১,০২৯ জন নিহত এবং ২,৭৮৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
এই সংঘাতের কারণে ইতোমধ্যে ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। পাল্টাপাল্টি হামলা ও ব্যাপক প্রাণহানিতে পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি চরম সংকটে পড়েছে।
সূত্র: আলজাজিরা
।







