সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর এবং পকেটে মাদক গুঁজে দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব সেলিম রেজা ও তার অনুসারীদের বিরুদ্ধে। ভুক্তভোগী মো. সানি কলেজের ২০২২-২৩ সেশনের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
জানা গেছে, গত মঙ্গলবার ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে তিতুমীর কলেজ শিক্ষার্থীদের মতবিনিময় সভায় ছাত্রদলের একাংশের আচরণ নিয়ে ফেসবুকে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন সানি। ওই ভিডিওতে তিনি ছাত্রদলের কতিপয় নেতার আচরণের সমালোচনা করেন এবং দলের ভাবমূর্তি রক্ষায় সুযোগসন্ধানীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
এই ফেসবুক পোস্টকে কেন্দ্র করেই সানিকে টার্গেট করা হয় বলে অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে সাংবাদিক সমিতির পরিচয় দিয়ে তাকে ডেকে নেওয়া হয়। এরপর কলেজ সংলগ্ন রাজউকের একটি পরিত্যক্ত স্থানে নিয়ে তাকে আটকে রেখে শারীরিক নির্যাতন চালানো হয় বলে ভুক্তভোগী দাবি করেছেন।
শিক্ষার্থী সানি অভিযোগ করেন, রাজউকের নির্জন স্থানে নেওয়ার পর সেলিম রেজার নির্দেশে তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। ভিডিও বার্তার বিষয়ে জেরা করার পাশাপাশি তাকে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে তার পকেটে গাঁজা ঢুকিয়ে দিয়ে মাদক ব্যবসায়ী হিসেবে ফাঁসানোর চেষ্টা করা হয় বলেও তিনি জানান। পরবর্তীতে সেখান থেকে ছাড়া পেয়ে তিনি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানিয়েছেন, রাজউকের ওই নির্জন স্থানে ছাত্রদলের কয়েকজনকে জটলা পাকিয়ে একজনকে মারধর করতে দেখে তারা এগিয়ে যান এবং সানিকে উদ্ধার করেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ছাত্রদল নেতা সেলিম রেজা। তিনি দাবি করেছেন, এই ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না এবং তার বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে।
