ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ভারতের রাজধানী নয়াদিল্লির উদ্দেশ্যে তেহরান ত্যাগ করেছেন। বুধবার (১৩ মে) বিকেলে তিনি একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা হন।
আগামী ১৪ ও ১৫ মে নয়াদিল্লিতে ব্রিকস (BRICS) সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভারতের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই বৈঠকে আরাগচি আঞ্চলিক স্থিতিশীলতা, বহুপাক্ষিক সহযোগিতা এবং অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন।
চলতি বছর ব্রিকস জোটের সভাপতিত্ব করছে ভারত। আসন্ন সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চতুর্থবারের মতো সভাপতিত্ব করবেন। সম্মেলনে যোগদানের পাশাপাশি ইরানি পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং অন্যান্য দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে জানা গেছে।
চলমান আঞ্চলিক অস্থিরতা এবং ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রেক্ষাপটে আরাগচির এই সফরকে ভূ-রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে ব্রিকস ও এসসিও-র মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তেহরান ও নয়াদিল্লির ক্রমবর্ধমান সমন্বয় এই সফরের মাধ্যমে আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
