ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সদস্য দেশগুলোর প্রতি জোরালো আহ্বান জানিয়ে বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যে “যুদ্ধ” চালিয়ে যাচ্ছে বলে তেহরান দাবি করছে, সে বিষয়ে ব্রিকসকে স্পষ্ট, দৃঢ় এবং দ্ব্যর্থহীন অবস্থান নিতে হবে। তিনি বলেন, শুধু কূটনৈতিক উদ্বেগ প্রকাশ নয়, বরং প্রকাশ্যভাবে এ কর্মকাণ্ডের নিন্দা জানানো এখন সময়ের দাবি।
রয়টার্সের বরাতে জানা যায়, বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে আরাঘচি পশ্চিমা বিশ্বের আধিপত্যবাদী নীতির কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতিতে পশ্চিমা দেশগুলো নিজেদের শ্রেষ্ঠত্বের যে ধারণা প্রতিষ্ঠা করেছে, তা এখন চ্যালেঞ্জের মুখে ফেলতে হবে। তার ভাষায়, “গ্লোবাল সাউথ বা বৈশ্বিক দক্ষিণের দেশগুলোকে পশ্চিমাদের ভুল শ্রেষ্ঠত্ববোধের কাঠামো ভেঙে দিয়ে আরও স্বাধীন ও ন্যায্য বৈশ্বিক ব্যবস্থা প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে।”
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমান বিশ্বব্যবস্থায় ক্ষমতার ভারসাম্য অনেকাংশে পশ্চিমা বলয়ের নিয়ন্ত্রণে রয়েছে। এ পরিস্থিতিতে ব্রিকস জোটের সদস্য দেশগুলোর উচিত আরও ঐক্যবদ্ধ ও কার্যকর ভূমিকা পালন করা। আন্তর্জাতিক অঙ্গনে পশ্চিমা প্রভাব মোকাবিলায় রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান তিনি।
আরাঘচি মনে করেন, ব্রিকস এখন শুধু একটি অর্থনৈতিক জোট নয়, বরং এটি বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। তাই বিশ্ব রাজনীতিতে বিকল্প শক্তি হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে সদস্য দেশগুলোর সমন্বিত পদক্ষেপ প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
