যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্যের গ্যাস স্টেশনের জ্বালানি পর্যবেক্ষণ ব্যবস্থায় চালানো সাম্প্রতিক সাইবার অনুপ্রবেশের পেছনে ইরান-ঘনিষ্ঠ হ্যাকাররা জড়িত থাকতে পারে বলে ধারণা করছেন মার্কিন কর্মকর্তারা। এই হ্যাকিংয়ের ঘটনাটি মার্কিন জ্বালানি খাতের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে নতুন করে সামনে নিয়ে এসেছে।
তদন্তে জানা গেছে, হ্যাকাররা মূলত গ্যাস স্টেশনগুলোর এমন কিছু স্বয়ংক্রিয় ট্যাংক গেজ সিস্টেমকে টার্গেট করেছিল, যেগুলো ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত ছিল কিন্তু সেগুলোতে কোনো পাসওয়ার্ড সুরক্ষা ছিল না। এই নিরাপত্তাজনিত দুর্বলতার সুযোগ নিয়ে হ্যাকাররা খুব সহজেই গ্যাস স্টেশনগুলোর স্ক্রিনে প্রদর্শিত জ্বালানির পরিমাণ পরিবর্তন করতে সক্ষম হয়।
তবে মার্কিন কর্মকর্তারা সাধারণ মানুষকে আশ্বস্ত করে জানিয়েছেন যে, এই সাইবার হামলার ফলে দেশের প্রকৃত জ্বালানির মজুত বা সরবরাহে কোনো পরিবর্তন বা ক্ষতি আনতে পারেনি হামলাকারীরা। তারা শুধুমাত্র বাহ্যিক স্ক্রিনে প্রদর্শিত তথ্য বিকৃত বা ওলটপালট করতে পেরেছিল। সাইবার নিরাপত্তা জোরদার করতে ইতিমধ্যে স্টেশনগুলোকে পাসওয়ার্ড প্রোটোকল কঠোর করার নির্দেশনা দেওয়া হয়েছে।
