শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার প্রধানমন্ত্রীর ঘোষিত ১৫ দিনের সময়সীমার মধ্যেই সম্পন্ন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার পবিত্র হজ পালন শেষে দেশে ফিরে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রামিসার বাবাকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী নিজে পরিবারকে ১৫ দিনের মধ্যে বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন। তিনি আশা করেন, এই প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে দেশবাসীর মধ্যে আস্থা সৃষ্টি হবে।
ডা. শফিকুর রহমান বলেন, বিচার বিভাগ আন্তরিকভাবে কাজ করলে ১৫ কর্মদিবসের মধ্যেই বিচারিক আদালতের কার্যক্রম শেষ করা সম্ভব। তিনি শুধু বিচার সম্পন্ন নয়, দ্রুত রায় কার্যকর করারও দাবি জানান।
জামায়াত আমির বলেন, আত্মস্বীকৃত ধর্ষক ও হত্যাকারীদের বিচার দীর্ঘায়িত করা হলে তা অপরাধীদেরই সহায়তা করে। এ ধরনের অপরাধের ক্ষেত্রে দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।
তিনি আরও বলেন, রামিসার পরিবারের প্রতি দেশবাসীর সহমর্মিতা রয়েছে। নিহত শিশুর জন্য দোয়া এবং তার পরিবারের সদস্যদের ধৈর্য ও সুস্থতা কামনা করেন তিনি।
এ সময় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
