দেবিদ্বারের বৃত্তিপ্রাপ্ত ১৫৩ জন জুনিয়র শিক্ষার্থীকে নিয়ে রাজধানী ঢাকায় এক ব্যতিক্রমী ও বর্ণাঢ্য শিক্ষা সফরের আয়োজন করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
সোমবার (৮ জুন) দিনব্যাপী এই সফরে সংসদ সদস্য নিজেই শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখান। শিক্ষার্থীরা এই সফরে জাতীয় সংসদ ভবন, সংসদ পাঠাগার, সংসদ অধিবেশন কক্ষ, নভোথিয়েটার এবং বাংলাদেশ সামরিক জাদুঘর পরিদর্শন করে।
সফরের অন্যতম প্রধান আকর্ষণ ছিল জাতীয় সংসদ ভবন। সেখানে শিক্ষার্থীরা স্থাপত্যশৈলী ও কার্যক্রম সম্পর্কে জানার পাশাপাশি গ্যালারিতে বসে সরাসরি সংসদীয় অধিবেশন পর্যবেক্ষণের বিরল সুযোগ লাভ করে। এছাড়া সামরিক জাদুঘরে দেশের সামরিক ইতিহাস ও মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান এবং নভোথিয়েটারে মহাকাশ বিষয়ক প্রদর্শনী উপভোগ করে তারা।
শিক্ষা সফর সম্পর্কে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। একজন শিক্ষার্থীর সামগ্রিক বিকাশের জন্য বাস্তব অভিজ্ঞতা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। আমরা চাই শিক্ষার্থীরা দেশের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে জানুক এবং ভবিষ্যতে দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলুক।’
সফরে অংশ নেওয়া শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে জানায়, বইয়ের পাতায় বা টেলিভিশনে দেখা স্থানগুলো নিজের চোখে দেখতে পেরে তারা আনন্দিত। সবচেয়ে বড় বিষয়, খোদ এমপি পুরো সময় তাদের সঙ্গে থেকে বিভিন্ন বিষয়ে গাইড করেছেন এবং তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন।
সংসদ সদস্যের এমন ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করে দেবিদ্বার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আলাউদ্দিন এবং দেবিদ্বার মফিজ উদ্দিন আহাম্মদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান বলেন, এটি অত্যন্ত প্রশংসনীয় ও সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব জ্ঞান অর্জনের পাশাপাশি দেশ ও সমাজ গঠনে নেতৃত্ব দেওয়ার অনুপ্রেরণা পাবে।







