ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের নিবন্ধন (লাইসেন্স) বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে আইন অনুযায়ী আপিলের সুযোগ থাকায়, সেই আপিল নিষ্পত্তি তথা চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত হাসপাতালের নিয়মিত সেবা কার্যক্রম সচল রাখতে চায় প্রতিষ্ঠানটি। এজন্য সরকারের কাছে বিশেষ আবেদন জানিয়েছে আদ্-দ্বীন কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার রাতে আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক তারিকুল ইসলাম মুকুলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে লাইসেন্স বাতিল আদেশের বিরুদ্ধে সরকারের কাছে আপিল করার আইনি সময় রয়েছে।
বিজ্ঞপ্তিতে আদ্-দ্বীন হাসপাতালের পরিচালক আশা প্রকাশ করে বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হওয়ার আগ পর্যন্ত শুধুমাত্র সাধারণ ও অসহায় রোগীদের স্বার্থ বিবেচনা করে হাসপাতালের নিয়মিত চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখার সুযোগ দেবে সরকার।
এতে আরও জানানো হয়, মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের চিকিৎসার অন্যতম ভরসাস্থল মগবাজার আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরেও সব ধরনের চিকিৎসাসেবা স্বাভাবিকভাবে চলমান রয়েছে। বর্তমানে ৪১৬ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন এবং আজ প্রায় এক হাজার রোগীকে বহির্বিভাগে সেবা দেওয়া হয়েছে। এছাড়া এনআইসিইউতে ৬০ জন নবজাতক শিশু, আইসিইউতে ২০ জন এবং সিসিইউতে ৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।







