রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার দায়ে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের করা পৃথক জেল আপিল গ্রহণযোগ্যতার শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় রাখা হয়েছে।
আগামীকাল রবিবার (১৪ জুন) বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদন দুটির ওপর শুনানি হবে। শুনানির জন্য সোহেল রানার করা জেল আপিলটি কার্যতালিকায় ৩৪ নম্বরে এবং স্বপ্না আক্তারের আবেদনটি ৩৫ নম্বর ক্রমিকে রয়েছে।
এর আগে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে গত ৭ জুন রায় দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। ঘটনার মাত্র ১৯ দিনের মাথায় এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন বিচারিক আদালত। রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামি সোহেল রানাকে ৫ লাখ ও স্বপ্নাকে ২ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
নিয়ম অনুযায়ী, আসামিদের মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের (ডেথ রেফারেন্স) জন্য বিচারিক আদালতের রায়সহ যাবতীয় নথিপত্র গত ৯ জুন হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পৌঁছায়, যা ইতিমধ্যে ডেথ রেফারেন্স হিসেবে নম্বরভুক্ত হয়েছে।
এদিকে বিচারিক আদালতের এই রায়ের বিরুদ্ধে কারা কর্তৃপক্ষের মাধ্যমে গত ১১ জুন পৃথক জেল আপিল দায়ের করেন দণ্ডপ্রাপ্ত সোহেল ও স্বপ্না। আপিল দুটি গ্রহণযোগ্যতার ওপর শুনানির জন্য সেদিনই হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে পাঠানো হয় বলে জানা গেছে।
উল্লেখ্য, এই মামলার মতো নারী ও শিশু নির্যাতন দমন আইন সংক্রান্ত ডেথ রেফারেন্স, আপিল ও বিবিধ বিষয়াদি হাইকোর্টে অগ্রাধিকার ভিত্তিতে শুনানির জন্য গত ১০ জুন একটি বিশেষ বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত এই হাইকোর্ট বেঞ্চটিও আগামীকাল রবিবার (১৪ জুন) থেকে তাদের বিচারিক কার্যক্রম শুরু করবে।







