জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে উদ্দেশ্য করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, “অনেক বলেছেন, বেশি বললে অভ্যাস খারাপ হয়ে যাবে।” সোমবার (২২ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে বক্তব্য দেওয়ার একপর্যায়ে স্পিকার তাকে থামিয়ে দিয়ে রসাত্মকভাবে এই মন্তব্য করেন।
এর আগে একই অধিবেশনে দেশের সামগ্রিক ধর্মীয় পরিবেশ ও পবিত্রতা বজায় রাখার স্বার্থে মসজিদ-মাদরাসায় সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড ও দলীয় মিটিং বন্ধে সুনির্দিষ্ট আইন পাস করার দাবি তোলেন কুষ্টিয়া-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রেজা আহাম্মেদ।
বাজেট আলোচনা ও পয়েন্ট অব অর্ডারে অংশ নিয়ে রেজা আহাম্মেদ বলেন, “মসজিদ হলো মহান আল্লাহর পবিত্র ঘর। সেখানে সাধারণ মানুষ ইবাদত-বন্দেগি করবে, নামাজ আদায় করবে এবং পবিত্র কোরআন শরিফ পাঠ করবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, একটি নির্দিষ্ট রাজনৈতিক দল পবিত্র মসজিদে গিয়ে দলীয় এজেন্ডা ও রাজনীতি নিয়ে আলোচনা করছে, যা সাধারণ মুসল্লিদের বিভ্রান্ত করছে।”
মসজিদের মতো পবিত্র স্থানকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা থেকে বিরত রাখতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি জোরালো আহ্বান জানান এই সংসদ সদস্য। তিনি অনুরোধ করেন, অনতিবিলম্বে সংসদে একটি আইন পাস করার মাধ্যমে দেশের সমস্ত মসজিদ ও মাদরাসায় যেকোনো ধরনের রাজনৈতিক সভা-সমাবেশ বা মিটিং সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হোক।







