চট্টগ্রাম নগরীর খুলশী থানার বাঘঘোনা মোড় এলাকায় আর্জেন্টিনার সমর্থকদের বিজয় মিছিলে ওপর থেকে ইট নিক্ষেপের ঘটনায় একজন আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, আর্জেন্টিনার ম্যাচ শেষে সমর্থকেরা আনন্দ মিছিল বের করলে একটি চারতলা ভবন থেকে প্রথমে পানি এবং পরে ইটের খণ্ড ছোড়া হয়। এতে মিছিলে অংশ নেওয়া একজন আহত হন।
আর্জেন্টিনা সমর্থক মো. রনি জানান, বিজয় মিছিলটি বাঘঘোনা মোড় অতিক্রম করার সময় ওপর থেকে একটি ইটের খণ্ড ছুড়ে মারা হয়। এতে একজন আহত হন।
আরেক সমর্থক মো. হৃদয় বলেন, ইটটি কারও মাথায় সরাসরি আঘাত করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর বলেন, আর্জেন্টিনা সমর্থকদের মিছিল লক্ষ্য করে একটি ভবন থেকে ইট নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রের দাবি, ইট নিক্ষেপকারীরা ব্রাজিল দলের সমর্থক হতে পারেন। তবে এ বিষয়ে পুলিশ এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।







