কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিয়ে করা বাংলাদেশি স্ত্রীর বিরুদ্ধে অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র আত্মসাতের অভিযোগ তুলেছেন এক চীনা নাগরিক। অভিযোগের বিষয়ে থানার দ্বারস্থ হলেও ঘটনাস্থল ঢাকার সাভারে হওয়ায় তাকে সংশ্লিষ্ট থানায় যোগাযোগের পরামর্শ দিয়েছে পুলিশ।
সোমবার (২২ জুন) রাতে ফুলবাড়ী থানায় এসে অভিযোগের বিষয়টি জানান চীনা নাগরিক আন হংওয়েই। তিনি দাবি করেন, তার স্ত্রী মোর্শেদা বেগম প্রতারণার মাধ্যমে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের মার্কিন ডলার এবং তার গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কাগজপত্র নিয়ে নিখোঁজ হয়েছেন। বিষয়টি জানিয়ে তিনি পুলিশের সহযোগিতা চান।
আন হংওয়েই বলেন, “আমার স্ত্রী আমার কাছ থেকে অর্থ ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে চলে গেছেন। তাকে খুঁজে পাচ্ছি না। এজন্য থানায় এসেছি।” তবে প্রাথমিক অনুসন্ধানে ঘটনাটি ঢাকার সাভার এলাকায় ঘটেছে বলে জানা যায়।
এ বিষয়ে মোর্শেদা বেগমের মা শাহানা বেগম জানান, বিয়ের কিছুদিন পর তার মেয়ে স্বামীকে নিয়ে ঢাকায় চলে যান। এরপর থেকে তারা আর বাড়িতে ফিরে আসেননি। তিনি বলেন, মেয়ের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তিনি অন্যদের কাছ থেকে শুনেছেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান নাঈম বলেন, চীনা নাগরিক থানায় এসেছিলেন এবং তার অভিযোগের বিষয়টি তুলে ধরেন। তবে ঘটনাটি ঢাকার সাভার এলাকায় সংঘটিত হওয়ায় তাকে সাভার থানায় অভিযোগ দায়ের করার পরামর্শ দেওয়া হয়েছে। ভাষাগত সমস্যার কারণে তার বক্তব্য পুরোপুরি বোঝা না গেলেও ইশারার মাধ্যমে তিনি অভিযোগের বিষয়টি জানান।
জানা গেছে, ফুলবাড়ী উপজেলার ধর্মপুর এলাকার বাসিন্দা মোর্শেদা খাতুন ঢাকার একটি পোশাক কারখানায় চাকরির সময় চীনা নাগরিক আন হংওয়েইর সঙ্গে পরিচিত হন। পরিচয় থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে গত ২০ এপ্রিল পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়।
বিয়ের মাত্র দুই মাসের মাথায় দাম্পত্য জীবনে এই অভিযোগ সামনে আসায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট থানার মাধ্যমে বিষয়টি তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।
