জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে জনগণই তার আগমনের জবাব দেবে।
শনিবার বিকেলে রাজধানীর মহাখালী কলেরা হাসপাতালের সামনে ঢাকা মহানগর উত্তর জামায়াত আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সরকারের উদ্দেশে গোলাম পরওয়ার বলেন, সরকারের মন্ত্রীদের মধ্যে দুর্বলতা রয়েছে। তার অভিযোগ, ফ্যাসিবাদের সহযোগীদের আদালত থেকে জামিন দেওয়া হচ্ছে এবং অংশগ্রহণমূলক নির্বাচনের নামে তাদের রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা চলছে। তিনি সতর্ক করে বলেন, অতীতের শাসনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের আবার সুযোগ দেওয়া হলে জনগণ তা মেনে নেবে না।
তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের স্মৃতি দেশের মানুষ ভুলে যায়নি। তবে তার দাবি, সেই আন্দোলনের সুফলভোগী বর্তমান ক্ষমতাসীন বিএনপি জুলাইয়ের অবদানকে যথাযথ গুরুত্ব দিচ্ছে না। তার ভাষ্য, জুলাই অভ্যুত্থান না হলে তারা আজ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে পারত না।
সংবিধান সংস্কারের বিষয়ে সরকারের প্রতি আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, গণভোটের মাধ্যমে পাওয়া জনমত বাস্তবায়নে সংসদে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে প্রস্তাবিত ৮৪টি সংস্কার সম্পন্ন করা উচিত। তিনি বলেন, এসব বিষয়ে সংসদে সমাধান না হলে রাজনৈতিক ও সাংবিধানিক বিরোধ রাজপথে গড়াতে পারে।
সমাবেশ শেষে মহাখালী থেকে একটি গণমিছিল বের করা হয়, যা তেজগাঁওয়ের তিব্বত মোড়ে গিয়ে শেষ হয়। কর্মসূচিকে কেন্দ্র করে বিকেল সাড়ে ৪টা থেকে প্রায় দুই ঘণ্টা মহাখালী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।







