বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সাব্বির মোস্তফা খানকে ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (২ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব শাকিলা পারভীনের সই করা প্রজ্ঞাপনে জানানো হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধিত) আইন অনুযায়ী ড. সাব্বির মোস্তফা খানকে তিন বছরের জন্য ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ড. সাব্বির মোস্তফা খান বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন ধরে পানি সম্পদ ব্যবস্থাপনা ও জলসম্পদ প্রকৌশল বিষয়ে গবেষণা ও শিক্ষকতার সঙ্গে যুক্ত।







