ইরানের বিরুদ্ধে দীর্ঘ সামরিক অভিযানে অংশ নেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের পরমাণুচালিত বিমানবাহী রণতরি ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর ভেতরে নৌসদস্যদের মধ্যে এক ভয়াবহ ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। রণতরিটির অভ্যন্তরীণ এই নজিরবিহীন সংঘাতের ফলে অন্তত সাতজন নৌসদস্য নিহত এবং আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
ইরানি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সি (এমএনএ) এবং তাসনিম নিউজের প্রকাশিত বিশেষ প্রতিবেদনে জানানো হয়, মধ্যপ্রাচ্য ও ইরানের উদ্ভূত পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে সাগরে অবস্থান ও টানা মোতায়েন থাকার কারণে রণতরিটিতে কর্তব্যরত নৌসদস্যদের মধ্যে চরম মানসিক অবসাদ ও তীব্র অসন্তোষ তৈরি হয়েছিল। দীর্ঘ সময় জাহাজে অবস্থান করায় উদ্ভূত বিভিন্ন সমস্যা ও সদস্যদের পুঞ্জীভূত অভিযোগের বিষয়ে কথা বলতে সম্প্রতি ইউএস সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধানের এক উচ্চপদস্থ উপদেষ্টা রণতরিটি পরিদর্শনে যান।
প্রতিবেদনে আরও বলা হয়, সেন্টকমের ওই উপদেষ্টার ব্রিফিং চলাকালে ক্ষুব্ধ নৌসদস্যরা হঠাৎ উত্তেজিত হয়ে তাঁকে লক্ষ্য করে অনবরত দুয়োধ্বনি দিতে থাকেন এবং একপর্যায়ে পানির বোতল ছুড়ে মারেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে জাহাজের ভেতরেই কর্তব্যরত নৌসদস্যদের দুটি বিবদমান পক্ষের মধ্যে তীব্র কথা-কাটাকাটি ও একপর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় ধারালো অস্ত্র ও ছুরির অবাধ ব্যবহারের ফলে এই অনাকাঙ্ক্ষিত হতাহতের ঘটনাটি ঘটে।
বর্তমানে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভারত মহাসাগরে অবস্থানরত এই রণতরিটি টানা ২৬৩ দিন ধরে আন্তর্জাতিক জলসীমায় মোতায়েন রয়েছে, যার মধ্যে টানা ২০৮ দিনই তারা স্থলভাগের ছোঁয়া ছাড়া নিরবচ্ছিন্নভাবে গভীর সমুদ্রে কাটিয়েছেন। এই ভয়াবহ সংঘর্ষের ঘটনার পর মার্কিন রণতরির ভেতরে বর্তমানে চরম উত্তেজনাপূর্ণ ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে ইরানি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।







