চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে দীর্ঘদিন বন্ধ থাকা জলিল টেক্সটাইল মিলের জায়গায় আধুনিক সামরিক সরঞ্জাম ও অস্ত্র উৎপাদনের নতুন কারখানা নির্মাণ করতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। সরকারের পক্ষ থেকে মাত্র প্রতীকী মূল্যে বাংলাদেশ সমরাস্ত্র কারখানার (বিওএফ) সম্প্রসারণের লক্ষ্যে সেনাবাহিনীকে ৫৪ দশমিক ৯৯ একর জমি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
জমি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত ও জমি হস্তান্তরের প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন করায় তিনি সংশ্লিষ্ট সব পক্ষ ও সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, দেশীয় সমরাস্ত্রের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি এখানে উৎপাদিত অস্ত্র বিদেশে রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। সামরিক শিল্পকে একটি সম্ভাবনাময় রপ্তানিমুখী খাত হিসেবে গড়ে তোলার ওপর জোর দিয়ে তিনি উল্লেখ করেন, বিশ্বের অনেক দেশেই বর্তমানে বাংলাদেশের তৈরি সমরাস্ত্রের চাহিদা রয়েছে। এ খাতের আমলাতান্ত্রিক জটিলতাগুলো দূর করা গেলে অস্ত্র রপ্তানি দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারবে।
উল্লেখ্য, ১৯৬১ সালে সুতা ও কাপড় উৎপাদনের লক্ষ্য নিয়ে প্রায় ৫৫ একর জায়গাজুড়ে যাত্রা শুরু করেছিল তৎকালীন নামকরা প্রতিষ্ঠান জলিল টেক্সটাইল। তবে নানা অর্থনৈতিক সংকট ও প্রতিকূলতার মুখে ২০০৪ সালে কারখানাটির সব ধরনের উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়।
