চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস ও তার পরিবারের নিখোঁজের ঘটনাটিকে ঘিরে তৈরি হওয়া তীব্র অপপ্রচার ও গুজবের সত্যতা উন্মোচন করেছে পুলিশ। পাওনাদারদের হাত থেকে বাঁচতে সপরিবারে আত্মগোপনে যাওয়া এই ব্যবসায়ীকে চট্টগ্রামের পটিয়া থেকে উদ্ধার করা হয়েছে। আজ ভোরে চাঁদপুর মডেল থানার একটি দল সেখানে বিশেষ অভিযান চালিয়ে পিন্টু দাস, তার স্ত্রী রিমি দাস এবং দুই ছেলে প্রিয়ম ও রূপম দাসকে উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চাঁদপুরের ‘এসকে শিল্পালয়’-এর মালিক পিন্টু দাস স্বর্ণ বন্ধকের ব্যবসা এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ অর্থ ঋণ নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছিলেন। গ্রাহকদের বন্ধকী স্বর্ণালংকার ও নগদ টাকা আত্মসাৎ করে কাউকে কিছু না জানিয়ে রাতের আঁধারে একটি ট্রাকে বাসার মালামাল তুলে পরিবারসহ তিনি পালিয়ে যান।
তবে মূল ঘটনা আড়াল করে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটিকে একটি সাম্প্রদায়িক রূপ দেওয়ার অপচেষ্টা চালানো হয়। কেবল ভুক্তভোগী পরিবারটি হিন্দু সম্প্রদায়ের হওয়ায় ঘটনাটিকে ‘সংখ্যালঘুদের ওপর অত্যাচার ও নিখোঁজ’ হিসেবে প্রচার করা শুরু হয়। এমনকি বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও প্রকৃত সত্য না জেনে ঘটনাটিকে সাম্প্রদায়িক আঙ্গিকে উপস্থাপন করে বিভ্রান্তি তৈরি করা হয়।
চাঁদপুর মডেল থানা পুলিশ জানিয়েছে, শুরু থেকেই তাদের কাছে তথ্য ছিল পিন্টু দাস ঋণের চাপে স্বেচ্ছায় আত্মগোপন করেছেন। বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চলাকালীনই পুলিশ নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তদন্ত চালিয়ে পটিয়ায় তাদের অবস্থান নিশ্চিত করে।
এই ঘটনায় প্রমাণিত হয়েছে যে আর্থিক কেলেঙ্কারি ও পাওনাদারদের হাত থেকে বাঁচতে পালিয়ে যাওয়া একটি পরিবারকে কেন্দ্র করে স্বার্থান্বেষী মহল কৃত্রিমভাবে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালিয়েছিল। উদ্ধারকৃতদের আপাতত পুলিশ হেফাজতে রেখে পরবর্তী আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।







