মাগুরা-২ আসনে বিএনপির দুই পক্ষের বিরোধ মেটাতে সমঝোতার উদ্যোগ নেওয়া হলেও সংসদ সদস্য ও সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে বসতে চান না বলে জানিয়েছেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৯টার দিকে মাগুরার মহম্মদপুর উপজেলার পানিঘাটা গ্রামে নিজ বাড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নিতাই রায়ের সঙ্গে সমঝোতার বিষয়ে জানতে চাইলে রবিউল ইসলাম নয়ন বলেন, ‘না, আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না। কারণ আমি সরকারের কোনো পার্ট না। আমি কেন বসব? নিতাই রায় জনগণের সঙ্গে বসবেন। তার লোকজন জনগণের টাকা-পয়সা লুটপাট করে খাচ্ছে। তিনি জনগণের কাছে দায়বদ্ধ। তাই তিনি জনগণের সঙ্গে বসবেন।’
নয়ন বলেন, তিনি সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করে যাচ্ছেন। অন্যদিকে নিতাই রায় বিভিন্ন স্থানে আসেন এবং সার্কিট হাউসে অবস্থান করেন বলেও মন্তব্য করেন তিনি।
এ ছাড়া নিতাই রায়ের ব্যক্তিগত আচরণ নিয়েও অভিযোগ করেন যুবদলের এই নেতা। তবে এসব অভিযোগের বিষয়ে নিতাই রায়ের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, মাগুরা-২ আসনে দলটির রাজনীতিতে দীর্ঘদিন ধরে দুই পক্ষের বিরোধ চলে আসছে। উপজেলা বিএনপির একটি অংশ নিতাই রায় চৌধুরীর অনুসারী এবং অন্য অংশ রবিউল ইসলাম নয়নের অনুসারী হিসেবে পরিচিত।
গত ২৪ আগস্ট মহম্মদপুর উপজেলায় বিএনপির দুই পক্ষ মুখোমুখি অবস্থান ও পাল্টাপাল্টি কর্মসূচি পালনকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। সম্ভাব্য সংঘর্ষ এড়াতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহম্মদপুর থানায় বিপুলসংখ্যক পুলিশ, বিজিবি ও র্যাব সদস্য মোতায়েন করা হয়।
পরে জেলা বিএনপির আশ্বাসে উভয় পক্ষের নেতা-কর্মীরা তাদের পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।
