রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এক প্রবাসীর ভাইয়ের কাছ থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে বিএনপি ও ছাত্রদলের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) উপ-কমিশনার (ডিসি) মির্জা তারেক বেগ তাঁদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন— বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন, সাধারণ সম্পাদক আল-আমিন শান্ত এবং বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ। এই ঘটনায় জড়িত চার নম্বর আসামি রুবেল নামের এক বিএনপি নেতা বর্তমানে পলাতক রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মালয়েশিয়া প্রবাসী কাউসার তাঁর বোনের বিয়ে ও পরিবারের ব্যবহারের জন্য এক পরিচিত ব্যক্তির মাধ্যমে গত ২৮ আগস্ট ২০০ গ্রাম স্বর্ণ পাঠান। ওই দিন রাত ৮টার দিকে প্রবাসীর ভাই মো. সুমন ও তাঁর বন্ধু রোহান বিমানবন্দর থেকে উক্ত স্বর্ণ গ্রহণ করে একটি ভাড়া করা গাড়িতে ওঠেন।
গাড়িটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বলাকা ভবনের বিপরীত পাশে পৌঁছালে অভিযুক্ত নেতারা পথরোধ করেন। তাঁরা নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী পরিচয় দিয়ে বোমা হামলার ভয় দেখান এবং ভুক্তভোগীদের এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে স্বর্ণালংকার ছিনিয়ে নেন। এ সময় এক পথচারী ঘটনাটি নিজের মোবাইলে ভিডিও ধারণ করেন এবং লোকজনের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যান।
ছিনতাইয়ের এই ঘটনায় গত ২৯ আগস্ট ভুক্তভোগী মো. সুমন বাদী হয়ে বিমানবন্দর থানায় চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতে শনিবার রাত ও রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে তিন নেতাকে পুলিশ গ্রেপ্তার করে। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
