হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের র্যাম্পে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ নিচে পড়ে বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার সদস্য আহত হয়েছেন। আহতদের ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) রাত ১০টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাহমুদ, করপোরাল মনিরুজ্জামান ও এলএসি জোবায়দুল। আহতরা হলেন, করপোরাল সিফাত/আবু সাঈদ, করপোরাল মাহবুব, সিনিয়র অফিসার আবুল খায়ের ও এলএসি আহাদ।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, সোমবার রাতে থার্ড টার্মিনালে নিয়মিত দায়িত্ব পালনকালে বাংলাদেশ বিমানবাহিনীর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে টার্মিনালের দ্বিতীয় তলায় অবস্থিত ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বিমানবাহিনীর তিন সদস্য নিহত হন এবং চারজন আহত হন।
দুর্ঘটনার পরপরই নিহত ও আহতদের উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা ও পরবর্তী কার্যক্রমের জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়।
