যেকোনো ধরনের হামলা মোকাবিলায় ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা এলহামি। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হুমকি এখনো শেষ হয়নি। তাই বর্তমান পরিস্থিতির পাশাপাশি ভবিষ্যতে যেকোনো সংঘাতের জন্যও প্রস্তুত থাকতে হবে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এলহামি বলেন, ‘হুমকি শেষ হয়নি’—এই বাস্তবতাকে বিবেচনায় নিয়ে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী বর্তমান ও ভবিষ্যতের যেকোনো ধরনের সংঘাত মোকাবিলায় প্রস্তুত রয়েছে। একই সঙ্গে সম্ভাব্য হুমকি মোকাবিলায় দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা ও সক্ষমতা ধারাবাহিকভাবে উন্নত করা হচ্ছে।
তিনি আরও বলেন, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এখন ‘সম্পূর্ণ স্বনির্ভরতা’ অর্জন করেছে। ফলে নিজস্ব প্রযুক্তি, জনবল ও সক্ষমতার ওপর নির্ভর করেই সম্ভাব্য হুমকি মোকাবিলার সক্ষমতা তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।
ইরানি এই কমান্ডারের দাবি, বিমান প্রতিরক্ষা খাতে অর্জিত সক্ষমতার মাধ্যমে ইরান বিশ্বের সামনে ‘জাতীয় শক্তির একটি নতুন সংজ্ঞা’ তুলে ধরেছে।
এলহামির বক্তব্যে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ও সম্ভাব্য সামরিক হুমকির বিষয়টি গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে ইরান তার বিমান প্রতিরক্ষা সক্ষমতা আরও আধুনিক ও শক্তিশালী করার ওপর জোর দিচ্ছে বলেও তাঁর বক্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যায়। সাম্প্রতিক সময়ে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে নতুন প্রজন্মের দেশীয় প্রযুক্তি ও যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগানোর কথাও ইরানি কর্মকর্তারা জানিয়েছেন।
সূত্র: আল জাজিরা
