জাতীয় সংসদে কোরআন-সুন্নাহ বিরোধী ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) আইন ২০২৬’ পাসের প্রতিবাদে সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী।
রবিবার (৬ সেপ্টেম্বর) রাতে সংসদে বিরোধী দলের তীব্র বিরোধিতা, প্রতিবাদ ও ওয়াকআউটের মধ্যেই ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল ২০২৬’ সহ তিনটি বিল পাস হয়। বিলে পিতা-মাতা বা স্বামী-স্ত্রী কর্তৃক সম্পত্তি দানে দাতার আজীবন ভোগস্বত্ব বজায় রাখার বিধান রাখা হয়েছে। জামায়াতসহ বিরোধী সংসদ সদস্যদের দাবি, এই নতুন আইনি বিধান ইসলামের কোরআন ও সুন্নাহর মৌলিক নীতি এবং উত্তরাধিকার আইনের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।
জাতীয় সংসদে তীব্র আপত্তির মুখে পাস হওয়া এই আইনের প্রতিবাদ জানাতেই বায়তুল মোকাররমের উত্তর গেটে বিকেল ৪টা ৩০ মিনিটে বিক্ষোভ সমাবেশের সূচনা করবে দলটি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির ও জাতীয় সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি।
উল্লেখ্য, বিলটি পাসের সময় সংসদে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান দাবি করেন, এই বিধান সব ধর্মের মানুষের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য হবে এবং সাধারণ হেবা বা ইসলামিক উত্তরাধিকার আইনের ওপর কোনো প্রভাব ফেলবে না। তবে ইসলামী দলগুলো এটিকে ইসলামী শরীয়াহ ও পারিবারিক আইনি কাঠামোর বিরোধী আখ্যা দিয়ে রাজপথে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে।
