পাবনা শহরে ঐতিহ্যবাহী ইসকন মন্দিরে ঢুকে প্রতিমা ও অন্যান্য আসবাবপত্র ভাঙচুরের অভিযোগে প্রান্থ কুমার দাস (২৫) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে মন্দির কর্তৃপক্ষ। আটককৃত শিক্ষার্থী পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়লের (পাবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন ইসকন মন্দিরে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার প্রান্থ কুমার দাস নওগাঁ জেলার আত্রাই উপজেলার সুধিরপুর এলাকার প্রশান্ত চন্দ্র মন্ডলের ছেলে।
মন্দির কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ইসকন মন্দিরের মূল ফটক খোলা পেয়ে ভেতরে প্রবেশ করেন প্রান্থ। একপর্যায়ে তিনি সেখানে থাকা দেব-দেবীর প্রতিমা ও মন্দির প্রাঙ্গণের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর শুরু করেন। বিষয়টি টের পেয়ে মন্দিরে উপস্থিত সেবায়েত ও স্থানীয় লোকজন তাঁকে হাতেনাতে ধরে আটক করে এবং পরে পুলিশে খবর দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে গ্রেপ্তারকৃত শিক্ষার্থী দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। মন্দিরে প্রবেশের পর তাঁর মানসিক সমস্যা বৃদ্ধি পাওয়ায় তিনি আকস্মিকভাবে প্রতিমা ভাঙচুরে লিপ্ত হন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রান্থকে হেফাজতে নেয় এবং মন্দির কর্তৃপক্ষের দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করে।
