রাজধানীর মোহাম্মদপুর এলাকাকে সম্পূর্ণরূপে কিশোর গ্যাংমুক্ত করার ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মোহাম্মদপুরে কিশোর গ্যাং বলে কোনো শব্দের অস্তিত্ব থাকবে না। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে মোহাম্মদপুরের বছিলা পুলিশ লাইনসে আয়োজিত নাগরিকদের সঙ্গে আইনশৃঙ্খলাবিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
ডিএমপি কমিশনার জানান, নাগরিকদের বক্তব্য ও পুলিশের তথ্য অনুযায়ী মোহাম্মদপুরে কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইয়ের অপরাধ আগের চেয়ে কিছুটা কমেছে এবং পরিস্থিতি উন্নতির দিকে। তবে শুধু পরিসংখ্যান দিয়ে স্বস্তি প্রকাশের সুযোগ নেই; নাগরিকদের প্রত্যাশা অনুযায়ী পুরো এলাকাকে অপরাধমুক্ত করতেই পুলিশ কাজ করছে। মাদক ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’ হলেও এটি পুরোপুরি নির্মূল করতে স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
এলাকার অপরাধ দমনে তেজগাঁও বিভাগের আওতাধীন মোহাম্মদপুর থানার আটটি বিটের বিট পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী ও জবাবদিহির আওতায় আনার নির্দেশ দেন ডিএমপি কমিশনার। তিনি জানান, পুলিশের কাছে এলাকাভিত্তিক মাদক স্পট ও কিশোর গ্যাংয়ের আস্তানার সুনির্দিষ্ট তালিকা রয়েছে। এই তালিকা ধরে অভিযান আরও জোরদার করা হবে। একই সঙ্গে রিকশা ও অটোরিকশার গ্যারেজগুলোতে রাতে তল্লাশি চালিয়ে বহিরাগত ও সন্দেহভাজনদের তাৎক্ষণিক গ্রেপ্তারের নির্দেশ দেন তিনি।
অপরাধীদের কঠোর বার্তা দিয়ে ডিএমপি কমিশনার বলেন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও ডিএমপি যৌথভাবে প্রতিদিন বিশেষ অভিযান চালাবে। এছাড়া অস্ত্রধারী ছিনতাইকারীদের আক্রমণ প্রতিরোধে পুলিশকে আইনগতভাবে কঠোর ব্যবস্থা এবং প্রয়োজনে সমাকোনো অস্ত্র প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা ব্যবস্থা স্থায়ীভাবে জোরদার করতে চন্দ্রিমা হাউজিংয়ের বিরোধপূর্ণ জমিতে মামলার নিষ্পত্তি সাপেক্ষে একটি স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।
