ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আয়োজিত শনিবার রাতের বিশেষ নৈশভোজে ব্রিকস জোটের কয়েকজন নেতা অংশ নেননি। অনুপস্থিত নেতাদের মধ্যে ছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ।
প্রায় সাত বছর পর ভারত সফরে এসে শি জিনপিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং ব্রিকস সম্মেলনের বিভিন্ন আনুষ্ঠানিকতায় অংশ নেন। তবে মোদির দেওয়া বিশেষ নৈশভোজে তার অনুপস্থিতি কূটনৈতিক অঙ্গনে নতুন করে জল্পনা ও কৌতূহলের জন্ম দিয়েছে।
অন্যদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ব্রিকসের অন্যান্য নেতারা নৈশভোজে অংশ নেন। এতে ভারতের কেন্দ্রীয় সরকারের কয়েকজন মন্ত্রী, লোকসভার স্পিকার এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও উপস্থিত ছিলেন।
নৈশভোজে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। লোকসভার স্পিকার ওম বিড়লাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ ছাড়া উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও নৈশভোজে অংশ নেন।
কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা সংসদ ভবন থেকে দুটি বাসে করে নয়াদিল্লির কেন্দ্রীয় এলাকায় অবস্থিত ভারত মণ্ডপমে নৈশভোজে যোগ দিতে যান।







