রাজধানীর তেজগাঁও কলেজের মসজিদ থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সাথে জড়িত থাকার সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর মসজিদের ভেতরে গোপন বৈঠক চলাকালে তেজগাঁও বিভাগ পুলিশ এই অভিযান পরিচালনা করে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, নিষিদ্ধ জঙ্গি সংগঠনের একাধিক সদস্য রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এসে এই মসজিদে একত্র হবেন বলে গোয়েন্দা তথ্য ছিল। উক্ত তথ্যের ভিত্তিতেই এই সাঁড়াশি অভিযান চালানো হয়।
আটককৃত ২৩ জন একই জঙ্গি গোষ্ঠীর সদস্য কি না, তা খতিয়ে দেখতে ডিএমপির টিম বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ ও তথ্য যাচাই-বাছাই করছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে নিশ্চিত করেছে পুলিশ প্রশাসন।
