পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার ধলু গাজীর মোড় এলাকায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
নিহতরা হলেন—গলাচিপা উপজেলার আমখোলা এলাকার কাউয়ুম উদ্দিন (৫০), একই এলাকার শিল্পী রানী (৪০), বাউফলের বিলবিলাস এলাকার তিথি রানী (২৩) এবং গলাচিপার হরিদেবপুর এলাকার মিরাজ (৩৫)। নিহত চারজনই অটোরিকশার যাত্রী ছিলেন বলে নিশ্চিত করেছে স্থানীয়রা।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বরগুনার তালতলী থেকে ৩৫ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ‘ইমরান ট্রাভেলস’-এর একটি বাস ধলু গাজীর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ে এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
বিকট শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের উদ্ধারকারী দল এসে বাসের নিচে চাপা পড়া অটোরিকশা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে। অপরজন পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত বাকিদের একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ঘটনাস্থল ও হাসপাতাল মিলিয়ে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট উদ্ধারকাজে অংশ নেয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।







