জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে নিউইয়র্কের জাতিসংঘ সদরদপ্তরে বিশ্ব নেতাদের উপস্থিতিতে সাধারণ পরিষদের এই গুরুত্বপূর্ণ অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ প্রতিনিধিদলের অন্যান্য ঊর্ধ্বতন সদস্যরা উপস্থিত ছিলেন। বিশ্বমঞ্চের এই অধিবেশনে যোগ দেওয়ার আগে সকালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত বিশ্বনেতাদের প্রাতরাশে সস্ত্রীক অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে গত ৮ সেপ্টেম্বর সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হলেও আজ থেকে মূল সাধারণ বিতর্ক পর্ব শুরু হলো। এই আন্তর্জাতিক মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ এবং বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।







