ভ্রমণপিপাসুদের জন্য বাংলাদেশের ৬৪ জেলার ভ্রমণচিত্র সংরক্ষণ ও প্রদর্শনের একটি সহজ ও আকর্ষণীয় প্ল্যাটফর্ম হিসেবে আলোড়ন সৃষ্টি করেছে একটি নতুন অনলাইন ভ্রমণ ম্যাপ। অবসর পেলেই দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাওয়া ভ্রমণপ্রেমীদের জন্য এই উদ্ভাবনী ডিজিটাল মানচিত্রটি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।
বর্তমানে অসংখ্য ভ্রমণপ্রেমীকে নিজেদের ভ্রমণ করা জেলার হিসাব রেখে মানচিত্র তৈরি করতে দেখা যাচ্ছে। কোন কোন জেলায় ইতিমধ্যেই ঘুরে আসা হয়েছে আর কোন কোন জেলায় যাওয়া এখনো বাকি, তা সহজেই চিহ্নিত করে তৈরি করা ম্যাপের ছবি ব্যবহারকারীরা নিজ নিজ টাইমলাইনে শেয়ার করছেন।
পছন্দের ভ্রমণ ম্যাপ তৈরি করার প্রক্রিয়াটি অত্যন্ত সহজ। এর জন্য প্রথমেই map.backspacex.com ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটের ম্যাপে দেশের আটটি বিভাগের ৬৪টি জেলার নাম সাজানো রয়েছে। তালিকায় দেওয়া জেলার নামগুলোতে ক্লিক করে অথবা সরাসরি মানচিত্রের ওপর ক্লিক করে নিজের ভ্রমণ করা জেলাগুলো নির্বাচন করা যায়। এছাড়া সার্চ অপশনে গিয়ে জেলার নাম লিখেও সহজে খুঁজে নেওয়ার সুবিধা রয়েছে।
নির্বাচন করা জেলার সংখ্যা মানচিত্রের ওপর স্বয়ংক্রিয়ভাবে ভেসে ওঠে। উদাহরণস্বরূপ, ৬৪টি জেলার মধ্যে ১০টি ঘুরে থাকলে ম্যাপে হিসাব দেখাবে ‘১০/৬৪’। এক ক্লিকে সব জেলা বাছাই করতে ‘সব বাছাই করুন’ এবং নতুন করে আবার শুরু করতে ‘সব মুছুন’ অপশন ব্যবহার করা যাবে। ব্যবহারকারীদের পছন্দের ওপর ভিত্তি করে মানচিত্রটি সাজাতে পাঁচটি আকর্ষণীয় রঙের থিম যুক্ত করা হয়েছে।
মানচিত্রটি আরও ব্যক্তিগত ও নান্দনিক করতে এর সাথে নিজের ছবি ও নাম যুক্ত করার সুযোগ রয়েছে। নাম লেখার বিষয়টিকে ঐচ্ছিক রাখা হয়েছে; নাম লিখলে মানচিত্রের ওপর ব্যবহারকারীর নাম প্রদর্শিত হবে, অন্যথায় সেখানে ‘আমার বাংলাদেশ’ লেখাটি দেখাবে।
মানচিত্র সাজানোর কাজ শেষ হলে ওয়েব পৃষ্ঠার একেবারে নিচে গিয়ে ‘আপনার ম্যাপ ডাউনলোড করুন’ বাটনে ক্লিক করতে হবে। সেখান থেকে সুবিধাজনক পিএনজি (PNG), জেপিজি (JPG) কিংবা পিডিএফ (PDF) ফরম্যাটে নিজের পার্সোনালাইজড ভ্রমণ ম্যাপটি ডাউনলোড করে সংরক্ষণ বা শেয়ার করা যাবে।
