দলীয় মনোনয়ন না দেওয়া এবং রাজনীতিতে কোণঠাসা করার পেছনে বিএনপির উদ্দেশ্য ছিল তাঁর রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দেওয়া—এমন অভিযোগ করেছেন সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে বিএনপির বিরুদ্ধে এ অভিযোগ করেন তিনি।
সাক্ষাৎকারে উপস্থাপকের এক প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, বিএনপির সিদ্ধান্তই ছিল তাঁর রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দেওয়া। দীর্ঘদিন দলের হয়ে সক্রিয় ভূমিকা পালন করার পরও কেন তাঁকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হলো, সে প্রশ্নের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি করপোরেট প্রতিষ্ঠানের উদাহরণ তুলে ধরেন।
রুমিন বলেন, কোনো প্রতিষ্ঠানে কর্মী যখন তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তার চেয়ে বেশি যোগ্য বা দৃশ্যমান হয়ে ওঠেন, তখন অনেক ক্ষেত্রে বিষয়টি ইতিবাচকভাবে নেওয়া হয় না। তাঁর মতে, রাজনীতিতেও এমন পরিস্থিতি তৈরি হতে পারে।
তিনি আরও অভিযোগ করেন, বিএনপি তাঁর রাজনৈতিক অবস্থান দুর্বল করে হয়তো তাঁকে আবারও সংরক্ষিত আসনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল। তবে তিনি দীর্ঘ আট থেকে নয় বছর ধরে নিজ এলাকায় তৃণমূল পর্যায়ে মানুষের সঙ্গে কাজ করেছেন। এলাকার মানুষের মনোভাব ও বাস্তব পরিস্থিতি বুঝেই তিনি ঝুঁকি নিয়ে রাজনীতির মাঠে সক্রিয় থেকেছেন বলে জানান।
রুমিন ফারহানা বলেন, জনগণের সঙ্গে সম্পর্ক বজায় রেখেই তিনি নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন। মানুষের সঙ্গে সম্পৃক্ততা ছাড়া তিনি কখনো নিজের রাজনৈতিক ক্যারিয়ারকে ঝুঁকির মুখে ফেলেননি বলেও উল্লেখ করেন।
দেশ ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার প্রসঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা ও দলের শীর্ষ নেতৃত্বের বহুল আলোচিত নীতিবাক্য—‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়’—উল্লেখ করেন তিনি।
রুমিন ফারহানার ভাষ্য, এই আদর্শে বিশ্বাস করলে একজন রাজনীতিকের কাছে দেশের মানুষের স্বার্থই সবার আগে থাকার কথা। সেই নীতিতে অবিচল থেকেই তিনি নিজের রাজনৈতিক সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।
