সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন বগুড়ার শাহেদ আহম্মেদ ও কুমিল্লার নাসরুল্লাহ বদরপুরি। রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সূত্রে তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
নিহত মো. শাহেদ আহম্মেদের বাড়ি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামে। তার বাবার নাম মো. রফিকুল ইসলাম এবং মায়ের নাম মোছা. শাহেরা বেগম।
অন্যদিকে, নাসরুল্লাহ বদরপুরির বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামে। তার বাবার নাম মাওলানা মোহাম্মদ উল্লাহ এবং মায়ের নাম জাহানারা বেগম।
রোববার (১১ অক্টোবর) প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জানায়, শনিবার (১০ অক্টোবর) বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিটে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩-এর ওপর একটি ক্ষেপণাস্ত্র এসে পড়ে। ওই সময় বিমানবন্দরে বাংলাদেশসহ বিভিন্ন দেশের যাত্রীরা অপেক্ষা করছিলেন। এ ঘটনায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হন।
হামলায় নিহত ১২, আহত তিন শতাধিক
গত শনিবার রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় মোট ১২ জন নিহত হয়েছেন। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে দুই বাংলাদেশি নাগরিক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিন শতাধিক মানুষ।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ও আহত বাংলাদেশিদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদে বাংলাদেশ দূতাবাস সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।
