ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর রাজনৈতিক সৌহার্দ্য ও সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে মিষ্টিমুখ করানোর মাধ্যমে তিনি স্থানীয় রাজনীতিতে ইতিবাচক ধারার সূচনা করেছেন।
আজ শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) সকালে নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন পৌর শহরের হাজীপাড়ায় অবস্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনের বাসভবনে গিয়ে উপস্থিত হন।
এ সময় দুই প্রতিদ্বন্দ্বী নেতা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উপস্থিত লোকজনের সামনে একে অপরকে মিষ্টিমুখ করান। নির্বাচনের উত্তাপ ভুলে তাঁদের এই আন্তরিক অভিব্যক্তি স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক প্রশংসার সৃষ্টি করেছে।
সাক্ষাৎকালে ঠাকুরগাঁওয়ের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে দলমত নির্বিশেষে একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। পাশাপাশি এলাকার স্বার্থে সবসময় পরামর্শ ও একসঙ্গে মিলেমিশে কাজ করার কথা জানান দুই নেতা।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন।
অন্যদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছিলেন ৯৬ হাজার ৫১৩ ভোট। বৃহস্পতিবার রাতেই রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।
