বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও দুঃশাসনমুক্ত মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ্য বলে মন্তব্য করেছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা এবং দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্য দূর না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে। এ লক্ষ্য অর্জনে দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতাও কামনা করেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বরে আয়োজিত পথসভায় এসব কথা বলেন জামায়াত আমির।
সাত দফা দাবি আদায়ে আন্দোলনের ডাক
পথসভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁরা সাত দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছেন।
তিনি বলেন, দেশের প্রয়োজন ও জনগণের স্বার্থে যেকোনো সময় এই সাত দফা এক দফায় রূপ নিতে পারে। সে ধরনের আন্দোলনের ডাক এলে তা বাস্তবায়নে প্রস্তুত থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
গণভোটের রায় বাস্তবায়নের দাবি
গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোট এই লংমার্চের আয়োজন করে।
ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখী কর্মসূচির অংশ হিসেবে শনিবার গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বরে আয়োজিত পথসভায় জামায়াতে ইসলামীসহ জোটের বিভিন্ন শরিক দলের নেতাকর্মীরা অংশ নেন।
সভায় নেতারা জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণভোটের রায় বাস্তবায়ন এবং তাঁদের ঘোষিত দাবিগুলো আদায়ে আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান।
