যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান হ্যালি স্টিভেন্স নিজ দলের প্রার্থী আবদুল আল-সাইয়েদকে সমর্থন না দিয়ে রিপাবলিকান সিনেট প্রার্থী মাইক রজার্সের পক্ষে অবস্থান নিয়েছেন। তবে তার এই সিদ্ধান্তে ব্যাকফায়ার হয়ে উল্টো আরও চাঙা হয়ে উঠেছেন ডেমোক্র্যাট প্রার্থী আল-সাইয়েদের সমর্থকেরা। দলে অভ্যন্তরীণ বিভক্তি দেখা দিলেও স্টিভেন্সের এমন অবস্থান ডেমোক্র্যাটদের আল-সাইয়েদের পক্ষে আরও ঐক্যবদ্ধ করেছে।
গতকাল মিশিগানের সাউথফিল্ডে আয়োজিত এক সমাবেশে আল-সাইয়েদের সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। স্টিভেন্স রিপাবলিকান সিনেট প্রার্থীকে সমর্থন দেওয়ার ঘোষণা দেওয়ার পর তাদের প্রচারণায় নতুন গতি এসেছে বলে মন্তব্য করেন সমাবেশে অংশ নেওয়া ডেমোক্র্যাট কর্মীরা।
সমাবেশে উপস্থিত এক কর্মী জানান, মধ্যবর্তী নির্বাচনে জয়ী হতে আগ্রহী ডেমোক্র্যাটদের উচিত স্টিভেন্সের এই ‘বিশ্বাসঘাতকতামূলক’ অবস্থান উপেক্ষা করে আল-সাইয়েদকে জয়ী করতে আরও জোরালোভাবে মাঠে কাজ করা। সমাবেশে অংশ নেওয়া সাধারণ ভোটারদের মতে, রিপাবলিকান প্রার্থীকে সমর্থন দেওয়ার এই সিদ্ধান্ত স্টিভেন্সের নিজস্ব রাজনৈতিক ভবিষ্যতের জন্যই মারাত্মক ক্ষতিকর হতে পারে।
এদিকে আল-সাইয়েদের নির্বাচনি প্রচারশিবির জানিয়েছে, স্টিভেন্সের এই ঘোষণার পর এক দিনেই তারা ২৪ লাখ ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৯ কোটি টাকা) বেশি তহবিল সংগ্রহ করেছে, যা তাদের প্রচারণা শুরুর পর এক দিনে সর্বোচ্চ রেকর্ড।
স্টিভেন্সের অবস্থানের পরপরই এই বিশাল তহবিল সংগ্রহকে নিছক কাকতালীয় ঘটনা হিসেবে দেখছেন না রাজনৈতিক বিশ্লেষক ও সমর্থকেরা। তাদের মতে, নিজ দলের কোন্দল সত্ত্বেও এই ঘটনা আল-সাইয়েদের পক্ষে নতুন উদ্দীপনা ও ভোটার মেরুকরণ তৈরি করেছে।
(সূত্র: বিবিসি)
