দেশের বিভিন্ন স্থানে শ্রমিকদের সাম্প্রতিক বিক্ষোভের পেছনে ন্যায্য দাবি-দাওয়ার বিষয়টি মুখ্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেছেন, পতিত ফ্যাসিবাদী শক্তির সঙ্গে সংশ্লিষ্ট কিছু মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে পোশাক কারখানার মজুরি নিয়ে শ্রমিকদের চলমান আন্দোলন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো পক্ষ যদি গার্মেন্টস কারখানা বন্ধ করার উদ্দেশ্যে উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত হয়, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় সাংবাদিকরা দেশের অনেক পোশাক কারখানা বন্ধ থাকার বিষয়টি তুলে ধরলে সালাহউদ্দিন আহমদ বলেন, বন্ধ কারখানাগুলো খুব শিগগিরই চালু করার ব্যবস্থা করা হবে বলে আশা করছেন তিনি।
