যুক্তরাষ্ট্রে ক্ষমতার মসনদে ডেমোক্র্যাট কিংবা রিপাবলিকান যে দলই আসুক না কেন, ইরানের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বৈরিতা ও আগ্রাসী নীতিতে কোনো পরিবর্তন আসবে না বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যাঁরা ওয়াশিংটনে দলীয় পরিবর্তন হলেই পররাষ্ট্রনীতি বা শত্রুতার ধরন বদলাবে বলে মনে করেন, তাঁরা চরম ভুলের মধ্যে বাস করছেন। মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের টপকে ডেমোক্র্যাটদের জয়ের খবর আসার পর এক লিখিত বার্তায় তেহরানের এই অবস্থান স্পষ্ট করেন তিনি।
ইরানের সর্বোচ্চ নেতা পরিষ্কার ভাষায় জানিয়ে দেন, ওয়াশিংটনকে কোনো প্রকার ছাড় বা সুবিধা দিয়ে তাদের এই চিরন্তন শত্রুতা থামানো সম্ভব নয়। উল্টো যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা যদি ইরানে পুনরায় কোনো সামরিক হামলা চালানোর দুঃসাহস দেখায়, তবে আগের চেয়ে আরও ভয়াবহ ও ব্যাপক পরিসরে তার কঠোর জবাব দেওয়া হবে।
মোজতবা খামেনি আরও উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ধ্বংস করা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ কায়েম রাখা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং তা মার্কিন বৈশ্বিক আধিপত্য ভেঙে দেওয়ার দীর্ঘমেয়াদী লড়াইয়েরই অংশ।
একচ্ছত্র মার্কিন আধিপত্যের পতন প্রসঙ্গে তিনি বলেন, ‘ওয়াশিংটন মনে করে তাদের ক্ষমতার পতন এখনো অনেক দূরবর্তী বিষয়, অথচ আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি সেই দিন খুব নিকটেই চলে এসেছে’।
