চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদরাসায় জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যকে ‘বিভ্রান্তিকর ও অসত্য বিষোদ্গার’ বলে অভিযোগ করেছে দলটি। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।
শুক্রবার (০৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের এই প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে তিনি বলেন, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে নিয়মতান্ত্রিকভাবে রাজনীতি করে আসছে। জাতীয় ও স্থানীয় নির্বাচনে অংশ নিয়ে দলটি জনগণের বিপুল সমর্থন অর্জন করেছে। একটি কল্যাণমুখী দল হিসেবে বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পর থেকেই দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করে আসছে এবং দেশ ও জাতির কল্যাণে সরকারকে জবাবদিহির মধ্যে রাখার চেষ্টা চালাচ্ছে। তবে জামায়াতকে জড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য সম্পূর্ণ অনভিপ্রেত।
এহসানুল মাহবুব জোবায়ের উল্লেখ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বিষয়গুলো অত্যন্ত স্পষ্ট ও প্রকাশ্য। ফলে দলের লক্ষ্য, উদ্দেশ্য কিংবা আদর্শ নিয়ে বিভ্রান্তি তৈরির কোনো সুযোগ নেই। দলটি দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে নিরলস কাজ করছে।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, বর্তমানে খুন, রাহাজানি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি চব্বিশের জুলাই-পরবর্তী সরকারের আমলে নতুন করে গুপ্তহত্যার ঘটনাও ঘটছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এসব দমন বা নিয়ন্ত্রণে নজর না দিয়ে অসত্য বিষোদ্গারের মাধ্যমে বিরোধী দলের চরিত্রহননে ব্যস্ত রয়েছেন—যা মূলত নিজ মন্ত্রণালয়ের ব্যর্থতা ঢাকার অপচেষ্টা।
তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী কোনো ইসলামী পরিবেশে গেলেই বড় ইসলামী ব্যক্তিত্ব সাজার চেষ্টা করেন, যা লোকদেখানো আচরণ। জামায়াতসহ অন্যান্য ইসলামী দলকে নিয়ে ভিত্তিহীন বক্তব্য পরিহার করে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ অর্পিত দায়িত্ব পালনে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
