দেশে কার্যকর কোনো সরকারব্যবস্থা রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) নারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি এ প্রশ্ন তোলেন।
শনিবার (৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াত আমির বলেন, গভীর রাতে নারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনা দেখার বা প্রতিকারের জন্য দেশে কেউ নেই কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।
পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, হলের আসন পুনর্বহাল, আবাসন সংকট নিরসন এবং প্রাতিষ্ঠানিক হয়রানি বন্ধের মতো যৌক্তিক দাবিতে আন্দোলনরত ছাত্রীদের সঙ্গে আলোচনা না করে পুলিশ দিয়ে বলপ্রয়োগ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিশেষ করে ছাত্রীদের হোস্টেলে পুরুষ পুলিশ সদস্যদের প্রবেশ করে লাঠিচার্জ করার ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক বলে উল্লেখ করেন তিনি। এ পরিস্থিতিতে দেশে প্রকৃত অর্থে কোনো সরকারব্যবস্থা কার্যকর রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন জামায়াত আমির।
পোস্টের শেষাংশে তিনি ঘটনার অবিলম্বে নিরপেক্ষ তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো দ্রুত পূরণের আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদী কায়দায় জনগণের ওপর দমন-পীড়ন চালানোর সংস্কৃতি আর চলতে পারে না।
