তুরস্কে ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার যুগান্তকারী ও কঠোর নতুন আইন আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। দেশটির সাইবার সিকিউরিটি ডিরেক্টরেট কর্তৃক জারিকৃত এই নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে অপ্রাপ্তবয়স্কদের অনলাইন আসক্তি ও সাইবার ঝুঁকি থেকে সুরক্ষায় বড় পদক্ষেপ নিল আঙ্কারা।
নতুন এই নিয়ম বাস্তবায়নের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে অত্যন্ত কঠোর বয়স যাচাই প্রক্রিয়া বাধ্যতামূলক করা হয়েছে। এখন থেকে তুরস্কে যেকোনো নতুন অ্যাকাউন্ট খোলার সময় ব্যবহারকারীকে দেশটির সরকারি ডিজিটাল পোর্টাল ‘ই-ডেভলেট’ (e-Devlet)-এর মাধ্যমে বয়স সত্যতা প্রমাণ করতে হবে।
শুধু নতুন অ্যাকাউন্টই নয়, প্ল্যাটফর্মগুলোতে আগে থেকেই চালু থাকা পুরোনো অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রেও বয়স যাচাইয়ের এই প্রক্রিয়া বাধ্যতামূলক করা হয়েছে। বিদ্যমান অ্যাকাউন্টগুলোর সঠিক বয়স যাচাইয়ের জন্য আগামী ৩১ মার্চ, ২০২৭ পর্যন্ত সময় বেঁধে দিয়েছে কর্তৃপক্ষ। নির্ধারিত এই সময়ের মধ্যে কোনো অ্যাকাউন্টধারীর বয়স ১৫ বছরের কম বলে প্রমাণিত হলে বা বয়স প্রমাণে ব্যর্থ হলে তা তাৎক্ষণিকভাবে চিরতরে নিষ্ক্রিয় বা বন্ধ করে দেওয়া হবে।
