আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটের মাধ্যমে জামায়াতে ইসলামীর রাজনৈতিক অবস্থান প্রতিহত করার আহ্বান জানিয়েছেন বিএনপিদলীয় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম। নীলফামারীর সৈয়দপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
সমাবেশে জামায়াতের সমালোচনা করে এমপি বিলকিস বলেন, “সামনে ইউনিয়ন পরিষদ কিংবা পৌরসভা নির্বাচন, সব জায়গায় তাদের অবস্থান হবে, হাড়গোড় ভেঙে দিতে হবে এদের। সেটা ভোটের মাধ্যমে, মাস্তানি করে নয়।”
নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জামায়াতের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিমের সাম্প্রতিক এক বক্তব্যের কড়া সমালোচনা করে তিনি আরও বলেন, সরকারে থাকায় সৈয়দপুরকে মাদকমুক্ত করার দায়িত্ব তাঁদের নিজেদের, কোনো ‘গুপ্ত বাহিনী’র নয়।
৭ নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে জামায়াত নেতাদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিএনপির এই কেন্দ্রীয় নেত্রী বলেন, ফ্যাসিস্টদের সঙ্গে আঁতাত করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে এবং এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন আকতারের পরিচালনায় সমাবেশে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







