২০২৪ সালের ৬ আগস্ট থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় পুলিশের বিতর্কিত অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) প্রলয় কুমার জোয়ারদারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ফ্যাসিবাদী আমলে ক্ষমতার চরম অপব্যবহার, দুর্নীতি এবং ছাত্র-জনতার আন্দোলন দমনে নৃশংস ভূমিকার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান।
খোঁজ নিয়ে জানা গেছে, পলাতক এই পুলিশ কর্মকর্তা দেশে ও বিদেশে অবৈধ অর্থের পাহাড় গড়ে তুলেছেন। রাজধানী ঢাকার উত্তরায় তার একটি বিলাসবহুল সাততলা বাড়িসহ একাধিক ফ্ল্যাট রয়েছে। তবে তার আসল সাম্রাজ্য গড়ে উঠেছে দেশের বাইরে; ভারতের কলকাতা, চেন্নাই এবং দিল্লিতে তিনি নিজস্ব বাড়ি কিনেছেন। এমনকি ভারতের রাজধানী দিল্লিতে তিনি রীতিমতো ডেভেলপার ব্যবসাও পরিচালনা করতেন বলে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
শুধু ভারতেই নয়, বিশ্বের বিভিন্ন ব্যয়বহুল শহরেও সম্পদ পাচার করেছেন প্রলয় কুমার জোয়ারদার। সিঙ্গাপুর, যুক্তরাজ্যের লন্ডন শহর এবং যুক্তরাষ্ট্রে তার বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পত্তি রয়েছে। বিশেষ করে স্ত্রীর চিকিৎসার অজুহাতে তিনি বিশ্বের যে দেশেই গিয়েছেন, সেখানেই অবৈধ টাকায় বিলাসবহুল বাড়ি কিনেছেন বলে অভিযোগ রয়েছে।
আওয়ামী লীগ সরকারের শাসনামলে শেখ হাসিনার প্রটোকল অফিসার হিসেবে দায়িত্ব পালনের সুবাদে প্রশাসনের ভেতরে একক আধিপত্য বিস্তার করেছিলেন প্রলয় কুমার। সেই ক্ষমতার দাপট খাটিয়ে তিনি তার চাচা শ্বশুর স্বপন ভট্টাচার্যকে যশোর-৫ (মনিরামপুর) আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করিয়েছিলেন এবং পরবর্তীতে মন্ত্রিসভায় স্থান পাইয়ে দিতেও বড় ভূমিকা রাখেন।
২০২৪ সালের জুলাই-আগস্টে যখন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থান তুঙ্গে ওঠে, তখন নিরস্ত্র শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর গুলি চালানো এবং আন্দোলন নির্মমভাবে দমন করার অন্যতম প্রধান পরিকল্পনাকারী ছিলেন এই প্রলয় কুমার জোয়ারদার।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটলে পরদিন থেকেই গা ঢাকা দেন পুলিশের এই প্রভাবশালী কর্মকর্তা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আজ অবধি তার কোনো হদিস মেলেনি। অবশেষে পলাতক থাকায় এবং শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে পুলিশ বাহিনী থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হলো।







