বর্তমানে আত্মগোপনে না থাকা আওয়ামী লীগের স্বঘোষিত সভাপতি অ্যাডভোকেট কামালের অতীত রাজনৈতিক ভূমিকা এবং দুটি আলোচিত হত্যা মামলায় তাঁর সম্পৃক্ততার বিষয়টি নতুন করে সামনে এসেছে। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, নব্বইয়ের দশক ও তার পরবর্তী সময়ে চট্টগ্রামের সাতকানিয়া সরকারি কলেজে সংঘটিত দুটি নৃশংস হত্যাকাণ্ডের মামলার অন্যতম আসামি ছিলেন তিনি।
সম্প্রতি একটি অনলাইন সাক্ষাৎকারে অ্যাডভোকেট কামাল নিজেই এই হত্যা মামলাগুলোতে আসামি হওয়ার বিষয়টি স্বীকার করেছেন বলে আলোচনা চলছে। এই স্বীকারোক্তির ভিডিও ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনীতি ও সচেতন মহলে নতুন করে বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা যায়, ১৯৯৫ সালের ২৩ অক্টোবর সাতকানিয়া সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠান চলাকালে ক্যাম্পাসে রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, সে সময় ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মীরা একযোগে ওই অনুষ্ঠানে হামলা চালায়। এই হামলায় কলেজের বিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও ছাত্রশিবির নেতা আনোয়ার হোসাইন নির্মমভাবে নিহত হন। সেই বহুল আলোচিত আনোয়ার হত্যা মামলার ৬ নম্বর আসামি ছিলেন আজকের এই অ্যাডভোকেট কামাল।
এর কয়েক বছর পর, ২০০০ সালের ৬ এপ্রিল সাতকানিয়া কলেজ ক্যাম্পাসে আরেকটি নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়। অভিযোগ অনুযায়ী, সেদিন ক্লাস চলাকালীন সময়ে ছাত্রলীগের একদল নেতাকর্মী কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র এবং তৎকালীন সাতকানিয়া কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি জাহাঙ্গীর আলম সবুজকে শ্রেণিকক্ষ থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরবর্তীতে দিনভর নির্মম নির্যাতন চালিয়ে তাঁকে হত্যা করা হয়। চাঞ্চল্যকর সেই জাহাঙ্গীর আলম সবুজ হত্যা মামলার ৩ নম্বর আসামি হিসেবেও অ্যাডভোকেট কামালের নাম ছিল বলে জানা গেছে।
দীর্ঘদিন পর দুটি পৃথক হত্যা মামলার এই আসামির নিজ মুখে দেওয়া স্বীকারোক্তি এবং বর্তমানে আওয়ামী লীগের স্বঘোষিত সভাপতি হিসেবে তাঁর প্রকাশ্য তৎপরতা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের মতে, ক্যাম্পাসে ছাত্ররাজনীতির নামে সংঘটিত সেসব নৃশংস হত্যাকাণ্ডের বিচার ও দায়ীদের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। তবে এ বিষয়ে অ্যাডভোকেট কামালের পক্ষ থেকে নতুন কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।







