নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে রাষ্ট্রদ্রোহের মামলা দায়েরের পর চট্টগ্রাম নগরের সিএমপির অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের অভিযোগ, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন জাহাঙ্গীর আলম। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম বাদী হয়ে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাটি করেছেন। এ মামলা দায়েরের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। শনিবার সেই অনুমতি পাওয়ার পর মামলা করা হয়।
এর আগে গত মঙ্গলবার চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ নিজ কার্যালয়ে জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করেন। তার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক তথ্য পাওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়। একই দিন তার ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করা হয়। পরবর্তী সময়ে ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় পাঠানো হয়।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর জাহাঙ্গীর আলমকে আটকের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে তখন তাকে গ্রেপ্তারের খবর অস্বীকার করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। তিনি জানিয়েছিলেন, একটি অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীর আলমের দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।







