বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের বিক্ষোভ ও সহিংসতা এবং এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্তব্য ঘিরে করা প্রশ্নের জবাবে তিনি জানান, বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাবলি নিয়ে তাঁর কিছু বলার নেই।
আজ শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রণধীর জয়সোয়াল এ কথা বলেন।
তবে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে উল্লেখ করেন জয়সোয়াল। তিনি বলেন, ভারত সব সময় বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক স্থাপনের ইচ্ছা প্রকাশ করে এসেছে, যার সঙ্গে দুই দেশের অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন ও জনগণের পারস্পরিক যোগাযোগ জড়িয়ে রয়েছে।
উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির ঘোষণাকে কেন্দ্র করে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বাসে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপসহ নাশকতার ঘটনা ঘটছে।
এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার লালমনিরহাটে এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের মানুষ আর গুম-খুন, অগ্নিসন্ত্রাস ও ভোটাধিকার হরণের রাজনীতিতে ফিরে যেতে চায় না। আওয়ামী লীগের নাম উল্লেখ না করে দলটির নেতাদের সমালোচনা করে তিনি বলেন, তারা দেশের ও মানুষের স্বার্থ দেখেনি এবং সীমান্তের ওপারে যে দেশে পালিয়ে গেছে, সেই প্রভুদের খুশি করতেই আবার দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।
আজকের ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রধানমন্ত্রীর ওই মন্তব্যের প্রসঙ্গ তুলে ভারত সরকারের মনোভাব জানতে চাইলে জয়সোয়াল বলেন, ‘আপনি সে দেশের সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্তব্যের প্রসঙ্গ তুলেছিলেন। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমার কিছু বলার নেই।’
এ ছাড়া ব্রিফিংয়ে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে নতুন কোনো তথ্য আছে কি না জানতে চাওয়া হলে জয়সোয়াল জানান, তেমন কিছু তাঁর জানা নেই।
আগামী ১২ ডিসেম্বর গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষ হওয়া এবং চুক্তি নবায়নের ভবিষ্যৎ নিয়েও ব্রিফিংয়ে একাধিক প্রশ্ন করেন সাংবাদিকেরা। চুক্তি নবায়নের সম্ভাবনা, ঢাকায় চলমান যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠকের ধরন এবং দুই দেশের প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে নিচুপর্যায়ের কর্মকর্তাদের সম্মতিতে চুক্তি নবায়ন সম্ভব কি না—এমন সব প্রশ্নের কোনো বিশদ জবাব দেননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
জয়সোয়াল বলেন, গঙ্গাসহ দুই দেশের অভিন্ন নদীর পানিসম্পর্কিত যাবতীয় সিদ্ধান্ত গ্রহণের প্রতিষ্ঠিত কাঠামোগত ব্যবস্থা হলো জেআরসি। ঢাকায় অনুষ্ঠিত জেআরসি বৈঠকের প্রকৃতি কী, তা তাঁর জানা নেই উল্লেখ করে তিনি পুনরায় বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে ভারতের আগ্রহের কথা তুলে ধরেন।







