জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন যে, বর্তমান সরকার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে ফিরে আসার সুযোগ করে দিচ্ছে। শনিবার (২১ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।
ফেসবুক স্ট্যাটাসে নাসীরুদ্দীন পাটওয়ারী উল্লেখ করেন, সরকারের ভূমিকা দেখে মনে হচ্ছে তারা একদিকে সংসদে এবং অন্যদিকে গোপালগঞ্জে দ্বিমুখী খেলা খেলছে। তিনি দাবি করেন, সবাই যখন এই রাজনৈতিক খেলায় ব্যস্ত রয়েছেন, ঠিক সেই সময়ে জনমানস থেকে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও চেতনা ধীরে ধীরে মুছে ফেলা হচ্ছে।
এই রাজনৈতিক কৌশলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা লেখেন, চলমান এই খেলায় তাঁদের ঘুঁটি হতে অস্বীকার করতে হবে। শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, তাঁরা শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারেন না কিংবা রাজনৈতিক হিসাব-নিকাশের আড়ালে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে চাপা পড়তে দিতে পারেন না।
স্ট্যাটাসের শেষাংশে নাসীরুদ্দীন পাটওয়ারী উল্লেখ করেন, জুলাই কোনো খেলা ছিল না এবং শহীদরা কোনো রাজনৈতিক দর-কষাকষির জন্য জীবন উৎসর্গ করেননি। ন্যায়বিচারের লড়াই এখনো শেষ হয়নি উল্লেখ করে তিনি গণতান্ত্রিক সংগ্রামের আগামী অধ্যায়ের জন্য সবাইকে সজাগ, ঐক্যবদ্ধ ও প্রস্তুত থাকার আহ্বান জানান এবং জুলাইয়ের চেতনাকে বাঁচিয়ে রাখার তাগিদ দেন।
অন্যদিকে, আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ সংক্রান্ত আলোচনার বিপরীতে সরকারের পক্ষ থেকে ভিন্ন অবস্থান তুলে ধরা হয়েছে। এর আগে গত ১১ নভেম্বর জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছিলেন যে, গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আর বাংলাদেশে ফিরে রাজনীতি করার সুযোগ পাবে না।
