মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে রাশিয়ার তেল শোধনাগারগুলোতে ইউক্রেনের হামলা অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ পরিস্থিতিতে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পাল্টা ব্যবস্থা নেওয়া এখন ‘অনিবার্য’ হয়ে উঠেছে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ক্রেমলিনে সরকারি কর্মকর্তা ও জ্যেষ্ঠ তেল ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে পুতিন এসব কথা বলেন।
বৈঠকে রুশ প্রেসিডেন্ট বলেন, মার্কিন প্রেসিডেন্টের আহ্বান ও সরাসরি অনুরোধ সত্ত্বেও কিয়েভের শাসকগোষ্ঠী রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। এ ধরনের হামলা থেকে বিরত থাকার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু ইউক্রেন সেই পরামর্শ উপেক্ষা করছে। এমন পরিস্থিতিতে রাশিয়ার পক্ষ থেকে পাল্টা পদক্ষেপ নেওয়া অনিবার্য হয়ে উঠেছে।
একই বৈঠকে দেশের জ্বালানি স্থাপনাগুলোর নিরাপত্তা আরও জোরদার করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অতিরিক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন পুতিন।
রুশ প্রেসিডেন্টের এই হুঁশিয়ারির আগে ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছিল, রাশিয়া তাদের জ্বালানি স্থাপনাগুলোতে হামলা বন্ধ করলেই কেবল পাল্টা হামলা বন্ধ করবে কিয়েভ।
এদিকে গত শনিবার ফিনল্যান্ড উপসাগরে রাশিয়ার একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটে। এতে জাহাজটির একজন নাবিক আহত হন। পরবর্তী সময়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওই হামলার দায় স্বীকার করেন।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধ অব্যাহত রয়েছে। গত অক্টোবরের মাঝামাঝি সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সংঘাতে জ্বালানি স্থাপনাগুলোতে হামলা বন্ধের বিষয়ে একটি যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন। এর পর থেকে ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলোতে রুশ হামলার ঘটনা কিছুটা কমে আসে। তবে অক্টোবরের শেষ দিকে আবারও হামলার মাত্রা বাড়তে শুরু করে।
বার্তা সংস্থা রয়টার্স জ্বালানি খাতের দুটি হিসাবের বরাত দিয়ে জানিয়েছে, অক্টোবরের শেষ দিক থেকে ইউক্রেনের ড্রোন হামলার কারণে রাশিয়ার তেল শোধনাগারগুলোর সম্মিলিত অপরিশোধিত তেল পরিশোধনের পরিমাণ প্রায় ৪৫ শতাংশ কমে গেছে।
এ ছাড়া রাশিয়ার বিভিন্ন তেল শোধনাগারে ইউক্রেনের ধারাবাহিক হামলার প্রভাব পড়েছে দেশটির অভ্যন্তরীণ জ্বালানি বাজারেও। স্থানীয় সংবাদমাধ্যম ও কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, কয়েকটি অঞ্চলে খুচরা পর্যায়ে পেট্রল ও ডিজেল বিক্রিতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
মঙ্গলবারের বৈঠকে পুতিন স্বীকার করেন, রাশিয়ার অভ্যন্তরীণ জ্বালানি বাজারের পরিস্থিতি এখনো বেশ কঠিন। তবে গত অক্টোবরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর পেট্রলের দাম বর্তমানে স্থিতিশীল হয়েছে বলে দাবি করেন তিনি।







