জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত একটার দিকে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করে জানান, ছাত্রদলের নেতা-কর্মীরা ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় শাখাওয়াতকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেয় এবং থানায় নিয়ে আসে।
ওসি আরও জানান, আটক কে এম শাখাওয়াতের বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না বা কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে বর্তমানে যাচাই-বাছাই চলছে।
এদিকে শাখাওয়াতকে আটকের পর জিজ্ঞাসাবাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিমের সহসভাপতি মোতাহার হোসেন। ওই ভিডিওতে দেখা যায়, ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁকে ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ করছেন।
ভিডিওতে দেখা যায়, আগামী ডিসেম্বর মাস ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো পরিকল্পনা রয়েছে কি না, সে বিষয়ে শাখাওয়াতের কাছে জানতে চাওয়া হয়। জবাবে তিনি জানান, তিনি বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে রয়েছেন। এ সময় উপস্থিত একজনকে তাঁকে থাপ্পড় দিতে দেখা যায়।
ভিডিওর অপর অংশে ছাত্রদল নেতা মোতাহার হোসেন শাখাওয়াতের পরিচয় জানতে চান এবং সরকারি আমলা হয়ে ভবিষ্যতে কোনো নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াবেন কি না, তা জিজ্ঞাসা করেন। জবাবে শাখাওয়াত আর এমন কিছু করবেন না বলে জানান। এরপর নেতা-কর্মীদের নির্দেশে তিনি কান ধরেন এবং পরবর্তীতে পুলিশ এসে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।







