ভারত থেকে ফিরে আসা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কুমিল্লা মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুনকে নিজ বাড়িতে আশ্রয় দেওয়ার অভিযোগে যুবদলের এক কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) রাতে জেলা যুবদলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। একই সঙ্গে বহিষ্কৃত আজহারুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
বহিষ্কৃত যুবদল কর্মী আজহারুল ইসলাম নিজেকে বারপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে পরিচয় দিলেও জেলা যুবদল জানিয়েছে, তিনি সংগঠনের একজন সাধারণ কর্মী মাত্র এবং তাঁর কোনো সাংগঠনিক পদ নেই।
পুলিশ সূত্রে জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান মোশাররফ হোসেন মুন। সেখান থেকে দেশে ফিরে তিনি আজহারুলের বাড়িতে অবস্থান করছিলেন। গত মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত গিয়াস উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের আশ্রয়-প্রশ্রয় এবং রক্ষায় ভূমিকা রাখার অভিযোগে আজহারুলকে বহিষ্কার করা হয়েছে।
এদিকে আজহারুলের সঙ্গে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ ওরফে খোকার আত্মীয়তার সম্পর্ক রয়েছে; তিনি খোকার আপন খালাতো ভাই। এই আত্মীয়তার সূত্র ধরেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আশ্রয় দেওয়ার সুযোগ তৈরি হয়েছিল কি না, তা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।
তবে এ ঘটনায় আবুল কালাম আজাদের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন জেলা যুবদলের সদস্যসচিব ফরিদ উদ্দিন শিবলু। তিনি জানান, আবুল কালাম আজাদের সঙ্গে আজহারুলের আত্মীয়তার সম্পর্ক থাকতে পারে, কিন্তু এ ঘটনায় খোকার কোনো ভূমিকা নেই এবং তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ।
ফরিদ উদ্দিন শিবলু আরও জানান, নিষিদ্ধ সংগঠনের নেতাকে আশ্রয় দেওয়ার বিষয়টি জানার পরপরই আজহারুলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মোশাররফ হোসেন মুন কুমিল্লা মহানগরের ২১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আশরাফপুর এলাকার বাসিন্দা। তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের অনুসারী হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, নাশকতাসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২৪ সালের জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একাধিক মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। এর মধ্যে ২০২৪ সালের ২৩ নভেম্বর কোতোয়ালি মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় তাঁর বিরুদ্ধে একটি মামলা হয় এবং একই বছরের ২১ নভেম্বর সদর দক্ষিণ থানায় বিস্ফোরক দ্রব্য আইনসহ বিভিন্ন ধারায় আরেকটি মামলা দায়ের করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান জানান, নিষিদ্ধ ছাত্রলীগের কুমিল্লা মহানগর সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।







