বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পরস্পরকে অভিনন্দন বার্তা বিনিময় করেছেন।
শনিবার (৪ অক্টোবর) এই ঐতিহাসিক বার্ষিকী উপলক্ষে তারা শুভেচ্ছা ও শুভকামনা জানান।
অভিনন্দন বার্তায় ড. মুহাম্মদ ইউনূস বলেন, “গত ৫০ বছরে বাংলাদেশ ও চীনের জনগণের বন্ধুত্ব আরও গভীর ও দৃঢ় হয়েছে। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক স্থিতিশীলভাবে বিকশিত হয়েছে এবং সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে ফলপ্রসূ সাফল্য এসেছে—যা উদযাপনের মতো অর্জন।”
তিনি আরও উল্লেখ করেন, “বাংলাদেশ দুই দেশের মধ্যে সামগ্রিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে বদ্ধপরিকর।”
অন্যদিকে, অভিনন্দন বার্তায় চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বলেন, “চীন বাংলাদেশ-চীন সম্পর্কের বিকাশকে অত্যন্ত গুরুত্ব দেয়। ৫০তম বার্ষিকীকে আমরা একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচনা করছি, যার মাধ্যমে উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা, বিভিন্ন ক্ষেত্রে যৌথ উদ্যোগ এবং দুই দেশের সামগ্রিক কৌশলগত অংশীদারিত্ব আরও এগিয়ে নেওয়া হবে।”







