জুলাই সনদ বাস্তবায়নের উপায় খুঁজতে আবারও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হবে এ আলোচনা সভা।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী জানান, দলগুলোর সঙ্গে আলোচনার আগে সকালে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। সূত্র জানায়, এ বৈঠক রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হবে, যেখানে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার সর্বশেষ অগ্রগতি ও সম্ভাব্য দিকনির্দেশনা নিয়ে আলোচনা হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রোববারের বৈঠকের প্রস্তুতি হিসেবে গতকাল কমিশনের সদস্যরা একটি পর্যালোচনা সভা করেন। এতে জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে বিশেষজ্ঞদের দেওয়া মতামত ও পরামর্শ পুনরায় যাচাই করা হয়। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাওয়া মতামতও বিশ্লেষণ করা হয়।
কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেন, “সব দল একমত হবে বলে মনে করছি না। তবে অধিকাংশ দলের মধ্যে ঐকমত্য তৈরি হলে তা বিবেচনা করে প্রস্তাব আনা হবে।”
এর আগে গত ১১ সেপ্টেম্বর কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফার বৈঠক শুরু করেছিল। তিন দিনব্যাপী সেই আলোচনায় ঐকমত্য না হওয়ায় আজ ফের নতুন করে বৈঠক ডাকা হয়েছে।
সূত্র আরও জানিয়েছে, দলগুলোর মতামত পর্যালোচনার জন্য আগামীকাল সোমবার বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবে কমিশন। পরদিন মঙ্গলবার আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসে বিশেষজ্ঞদের সুপারিশ তুলে ধরবে।







